আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ২১:৫৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি আমাদের জামায়াত বলে আবার জামায়াত বলে বিএনপিÑ তার মানে আমরা ঠিক পথে আছি। একটা সময় ডানপন্থীরা আমাদের বামপন্থী বলত, আবার বামপন্থীরা আমাদের ডানপন্থী বলত। তাহলে আমরা ঠিকভাবে আছি মধ্যপন্থী।
শনিবার (১ নভেম্বর) বিকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা বিএনপি নই, আমরা জামায়াতও নই। সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থান, সেই অবস্থানে কখনও বিএনপি আমাদের দিকে এসেছে, তখন মনে হয়েছে আমরা বিএনপিপন্থী। আবার কখনও জামায়াত আমাদের সঙ্গে এসেছে, তখন মনে হয়েছে জামায়াত চলছে আমাদের পথে। কিন্তু আমরা কখনও আমাদের অবস্থান পরিবর্তন করিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আমাদের জোটে কাকে নেব, সেটা নির্ধারণ করবে কারা আমাদের সংস্কারের পক্ষে আছে, কারা ইনস্টিটিউশনাল ইনফরমেশন ও কনস্টিটিউশন রিফর্মেশনের পক্ষে আছে। ২৪-পরবর্তী জনআকাঙ্ক্ষা যারা তৈরি করেছে, যারা এই বাংলাদেশ গড়তে চায়, আমরা তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং, এই জোট নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তার কোনো বাস্তবতা নেই।
তিনি আরও বলেন, অনেকে তো জুলাই সনদে সিগনেচার করছেন। জুলাই সনদে সিগনেচারের সময় এখন আপনারা বলছেন এটা ছিল, এটা ছিল না। তাদের দেখাইছে একটা, সিগনেচার করছে আরেকটা। দেখাইছে জরিনা, এখন দিছে সকিনা। আমরা তো বলেছিলাম আগে দেখাতে হবে, আগে আমাদের সনদ দেখাতে হবে। দেখানোর পরে আমরা সিদ্ধান্ত নেবÑ সিগনেচার করব কি না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপ্লবের সার্টিফিকেট নিতে গেলে যদি চুপ্পুর কাছ থেকে নিতে হয়, তার মানে আমি জাস্ট ছোট হাসিনার কাছ থেকে নেব। সার্টিফিকেট যদি নিতে হয় তাহলে ছোট হাসিনার কাছ থেকে নেব কেন? তাহলে ডাইরেক্ট হাসিনার কাছ থেকেই নেব। আসলে ওনারা বড়টার কাছ থেকেই নিতে চায়, কিন্তু বলতে পারে নাÑ এই কারণে চুপ্পুর কাছ থেকে নিতে চায়। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সহকারী অ্যাটর্নি জেনারেল ও বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।
সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী (পটুয়াখালী জেলা) অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।