নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমাদের নবীর (সা.) ইসলামকে বিশ্বাস করি, কিন্তু মওদুদির ইসলামে নয়। যারা ফিতনা সৃষ্টি করে বিভাজন তৈরি করতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে।
শনিবার (১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজমতে সাহাবা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এখানে বয়ান করার যোগ্যতা আমার নেই। আমি এসেছি বিশিষ্ট আলেমদের বক্তব্য শোনার জন্য। যারা ইসলামকে নিয়ে রাজনীতি করে না, যারা দ্বীনকে আগে এবং দুনিয়াকে পরে মনে করে, তারাই এখানে আছেন। এ কারণে আমি এখানে এসেছি।
তিনি বলেন, যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতিতে বিভ্রান্তি তৈরি করতে চায়, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। রাজনৈতিক কারণে কেউ বক্তব্য দিতে পারে, সেটাকে স্বাগত জানাই; তবে কেউ যেন আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে।
তিনি আরও বলেন, হাসিনার সরকার ইসলাম বিদ্বেষী ছিল, মুসলিম বিদ্বেষী ছিল। তারা আলেমদের নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে আমরা তার সাক্ষী। আমরা এমনভাবে রাজনীতি করব, যাতে আওয়ামী অপরাজনীতি বিলুপ্ত হয় এবং বাংলাদেশে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হয়।