× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐক্যমত কমিশন তাদের দাবি রাজনীতিবিদদের ওপর চাপাতে চায়: আমির খসরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঐক্যমত কমিশন করা হয়েছে ‘জাতীয় ঐক্যমত করার জন্য’ কিন্তু তারা তাদের মত, দাবি রাজনীতিবিদদের ওপর চাপাতে চাইছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ তোলেন তিনি।

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন- এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ ব্যবসায়ী নেতারা।

সম্মেলনে রাজশাহী বিভাগের ৮টি জেলার ব্যবসায়ী নেতারা অংশ নেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশপাশি রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করারও দাবি জানান তারা।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে বলেন নির্বাচিত সরকার এলেই তারা জনগণ ও ব্যবসায়ীদের প্রতি দায়বদ্ধ থাকে। পাশাপাশি ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়েও কথা বলেন তিনি।   

বর্তমান রাজনৈতিক সংকট—জুলাই সনদ, গণভোট ও নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জোর করে আরেকটি দলের বা দুইটি দলের বা তিনটি দলের মতামত বাকি দলগুলোর উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা একটি রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছি, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের ওপর চাপাতে চাচ্ছে। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্যই ছিল যে, ঐক্যমত যতটুকু হবে, তা নিয়েই আমরা জনগণের কাছে যাব।’   

ঐক্যমত হওয়ার পরও বিভিন্ন দল নতুন করে দাবি তুলছে, আর ঐক্যমত কমিশনের সদস্যদেরও কিছুমত রয়েছে বলে উল্লেখ করেন আমিন খসরু। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা তাদেরটা চাপাতে চাচ্ছে। আবার ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে। তো ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় নাই। তাদেরকে রাখা হইছে জাতীয় ঐক্যমত করার জন্য।’

জাতীয় ইস্যু নিয়ে জনগণই যেন সিদ্ধান্ত নিতে পারে—ঐক্যমত কমিশনকে সেই আহ্বান জানান বিএনপির এই নেতা। 

তিনি বলেন, ‘ঐক্যমত কমিশনের যারা আছেন, আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের ওপর চাপতে চান, জনগণের ওপর চাপাতে চান—তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে যে কাজ করতেন আগে, ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি-দাওয়া মেটাতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে তো, জনগণের মতামত নিতে হবে তো, জনগণের ম্যান্ডেট নিতে হবে তো। তার মতামত আরেক দলের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেয়, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই।’ 

‘আমি অনুরোধ করছি—আপনারা স্ব স্ব কাজে ফিরে যান, বাংলাদেশের মানুষেকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দয়া করে তাদের ওপর ছেড়ে দেন। আপনাদেরকে এই দায়িত্ব কেউ দেয় নাই’ যোগ করেন তিনি। 

নির্বাচন না হলে যে বিনিয়োগ ও ব্যবসার পরি বেশ তৈরি হচ্ছে না—শীর্ষ ব্যবসয়ীদের এই উদ্বেগের বিষয়ে সহমত পোষণ করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।   

আমির খসরু বলেন, ‘ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত বলছে, খসরু ভাই, আপনারা ফেব্রুয়ারি না, পারলে এখন একটু নির্বাচন করে আমাদেরকে একটু মুক্ত করে দেন। ব্যবসায়ীদের কথা হচ্ছে, ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন কেন, এখনই নির্বাচন করে আমাদেরকে মুক্ত করে দেন। আমাদের ব্যবসা ধ্বংস হওয়ার পথে। আমরা কোনো বিনিয়োগ করতে পারছি না, বিদেশিরা কোনো বিনিয়োগ করছে না, সবকিছু স্থগিত। আমাদের ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। দয়া করে নির্বাচন দিয়ে আমাদেরকে মুক্ত করে দেন আপনারা।’

‘সুতরাং আপনারদেকেও আওয়াজ তুলতে হবে, এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সোচ্চার হতে হবে। আমি কি ঠিক বলছি? আপনাদেরকে সোচ্চার হতে হবে তো?’ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন তিনি।  

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে মতভিন্নতা তৈরি হয়েছে—তা ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। 

এ প্রসঙ্গে আরও বলেন, ‘যারা আজকে নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, জনগণের অধিকারের বিরুদ্ধে কাজ করছে, রাজনৈতিক সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে কাজ করছে তাদের প্রতি মেসেজ দিতে হবে, এই ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির প্রথম দিকে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে এবং তার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, যার জন্য বাংলাদেশের মানুষ ১৭ বছর ত্যাগ স্বীকার করেছে তার মালিকানা ফিরে পাওয়ার জন্য।’ 

‘আর বাংলাদেশের মানুষের মালিকানা ফেরার পথে যারা বাধাগ্রস্ত হবে তাদেরকেও মেসেজ দিতে হবে যে, আপনারা জনগণের বিরুদ্ধে কাজ করছেন’ বলেন আমির খসরু। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা