কাউনিয়া (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৩৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৩৯ পিএম
জাতীয় নাগরিক পাটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়েছি, শাপলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, শাপলার বিভিন্ন ডিজাইন উপস্থাপন করেছি, তারা (ইসি) শাপলার পরিবর্তে বিকল্প হিসেবে শাপলা কলি প্রতীক দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং গেজেটভুক্ত করেছেন। সাধারণ মানুষ যদি শাপলার বিকল্প হিসেবে কলি গ্রহণ করেন আর তা যদি দৃষ্টিনন্দন হয় তাহলে আমরা বিবেচনা করে দেখব।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার দিকে তার নিজ এলাকা রংপুরের কাউনিয়ায় নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন। কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ের সামনে এই গণসংযোগ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপি কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জুয়েল রানা ও পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়ক কারী আব্দুল্ল্যা আল মামুন প্রমুখ।
আখতার হোসেন বলেন, উত্তরাঞ্চলের মানুষ সামগ্রিকভাবে কর্মসংস্থানের দিক থেকে অনেক পিছিয়ে। এর থেকে কাউনিয়া-পীরগাছা এলাকা ব্যতিক্রম নয়। এ অঞ্চলে শিক্ষিতের হার বাড়লেও তাদের কর্মসংস্থানের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না।
এনসিপি এ অঞ্চলের শিক্ষিত বেকার তরুণরা কোনো পেশায় যুক্ত হতে পারলে তাদের পেশার জায়গা যেন পাকাপোক্তভাবে নির্ধারণ করতে পারবে সে বিষয় কাজ করতে চাই,পরামর্শের ব্যবস্থা করতে চাই, কর্মসংস্থানের ক্ষেত্রগুলো উন্মুক্ত করতে চাই।
তিনি আরও বলেন, কাউনিয়া-পীরগাছা এলাকায় কোনো অর্থনৈতিক অঞ্চল নেই। এ এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এ এলাকার মানুষ ক্ষুদ্র, কুটির শিল্প ও প্রবাসে যাওয়ার দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। যাতে তারা বিদেশে গিয়ে রেমিটেন্স আয় করে দেশে পাঠাতে পারেন তার ব্যবস্থা করব।
এনসিপির এই নেতা বলেন, সৃষ্টিকর্তা যদি আমাকে এ এলাকার প্রতিনিধি হিসেবে কবুল করেন তাহলে এ অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্যে উন্নয়নে কাজ করব।