চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৯:২১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার এবং ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা পরিহার করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গণসংযোগ ও পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে ছাত্রদলের সাবেক এই সভাপতি এ আহ্বান জানান।
শামসুজ্জামান দুদু বলেন, চুয়াডাঙ্গার মানুষ যখনই ধানের শীষ প্রতীক পেয়েছে, তখনই তাকে বিজয়ী করেছে। তিনি এই ধানের শীষকে মাওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমানের প্রতীক হিসেবে উল্লেখ করেন। বর্তমানে এই প্রতীক এখন যুবসমাজ ও সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় প্রতীক।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার মানুষ সবসময় ন্যায়ের পক্ষে থেকেছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা বিএনপিকে নিয়ে যারা ব্যবসা করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ, বিশেষ করে চুয়াডাঙ্গার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
গণতন্ত্র ও জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারের কথা তুলে ধরে দুদু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের ভোটার অধিকার, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের বাংলাদেশ রূপান্তরিত করবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ভোট চাইতে হবে। এ দেশের প্রকৃত মালিক দেশের জনগণ, তাদের সেই মালিকানা ফিরিয়ে দিতে তাদের সমর্থন লাগবে— এটা বুঝাবেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ আগেও যেমন ধানের শীষে ভোট দিয়েছে, এবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোট দিবে।
কেন্দ্রীয় নির্দেশনার বিষয়ে তিনি বলেন, উপর থেকে যখন নির্দেশ আসবে, তখন সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। অন্য দল যা বলছে তাতে কাজ হবে না। দেশের জনগণ ধানের শীষ পছন্দ করে। তাই জনগণের সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে হবে এবং ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কার্যকরী সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট মইনুল হোসেন ও বোরহান উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আবু জাফর, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, মুনজুরুল জাহিদ প্রমুখ।