রংপুর অফিস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২০:০৮ পিএম
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দুই ছাত্র উপদেষ্টাকে পরিষদে রেখে তাদের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজার রহমান বলেন, জাতীয় পার্টি একসময় আন্দোলন করেছিল, ‘নো এরশাদ, নো ইলেকশন’। জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হলে এমন দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সম্মুখসারিতে ছিলেন। রংপুরে আমাদের দলের দুই নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছিল। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু করেছে। আমাদের সংলাপে ডাকে না, সমাবেশ করতে দিচ্ছে না। এসব অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।
জাতীয় পার্টির এই নেতা বলেন, দেশের মানুষ স্বস্তিতে নেই। মানুষের নিরাপত্তা নেই, পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে না, সচিবালয়-হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে না। কোনো জায়গায় শৃঙ্খলা নেই। এভাবে দেশ চলতে পারে না। সুশাসন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হোক। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।
তিনি বলেন, জাতিসংঘ থেকে বাংলাদেশি সৈন্য ফেরত পাঠানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমনটা চলতে থাকলে সোনার বাংলাদশ আর থাকবে না।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।