প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ০০:১৫ এএম
জোনায়েদ সাকি
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নির্বিকার ভূমিকার চরম নিন্দা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। পাশাপাশি অবিলম্বে কার্যকর ভূমিকা গ্রহণ করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহবানও জানান তারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) গণসংহতি আন্দোলনের এক বিবৃতিতে এ আহবান জানান দলটির নেতারা।
গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, চলতি বছর ২৫১ জন ডেঙ্গুতে মারা গেলেও সরকারের টনক নড়ছে না। কেবল সরকারি হিসাবেই ৬১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রকৃতপক্ষে আরও অনেক বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের সবাই হাসপাতাল পর্যন্ত আসতে পারেননি।
বিবৃতিতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার খরচ সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। মানুষকে মৃত্যুর মুখে রেখে সরকারের নির্বিকার আচরণ দেখে আমরা বিস্মিত ও ক্ষুব্ধ।
দলটি বলছে, সারা বছর যেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পিত ভূমিকা থাকার কথা, সেখানে তারা এ বিষয়ে কোনো কাজই করেনি। ডেঙ্গুর প্রকোপে এতো মানুষের মৃত্যুর পরও সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কোনো ভূমিকা আমরা দেখছি না।
গণসংহতি আন্দোলনের নেতারা অবিলম্বে ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ভূমিকা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণে আহ্বান জানিয়েছেন তারা।