সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৩:১৪ পিএম
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘এবার কিন্তু বিজয়ের বিকল্প নেই। যদি অন্য চিন্তা করেন, তাহলে কিন্তু পিঠের ছাল থাকবে না’।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির নতুন দলীয় অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা অনেক ত্যাগ করেছি, অনেক সংগ্রাম করেছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আহমেদ আযম খান আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। কেউ ভিন্ন চিন্তা করবেন না।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমউদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টারের সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফিতা কেটে নতুন দলীয় অফিসের উদ্বোধন করেন।