চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ২২:০৩ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের সাড়ে তিন শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান ও নির্বাচনী সভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
অনুষ্ঠানে যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা। এসময় এক নির্বাচনী সভাও অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল।
বেলগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে সাড়ে তিন শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিনের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
জেলা আমীর রুহুল আমিন বলেন, আপনারা যারা দ্বীনের সঠিক উপলব্ধি নিয়ে জামায়াতে ইসলামীতে এসেছেন, মহান আল্লাহ যেন আপনাদের এই সিদ্ধান্ত কবুল করেন। আপনাদের পাশে জামায়াত সবসময় ছিল, আছে এবং থাকবে।