× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশটা এখন মুক্ত, আমরা স্বাধীন দেশে আছি : মির্জা ফখরুল

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২০:৪৯ পিএম

দেশটা এখন মুক্ত, আমরা স্বাধীন দেশে আছি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দানবীয় শক্তি এক বছর আগে ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশটা এখন মুক্ত হয়েছে। মনে হয়, এখন স্বাধীন দেশে আছি। আগে প্রতি মুহূর্তে মনে হতো, আমাদের শিকল পরিয়ে রাখা হচ্ছে। রাতে ভালো করে ঘুমাতে পারতাম না, পালিয়ে বেড়াতে হতো। মামলা-মোকদ্দমা, জেলে যাওয়া, নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। মা-বোনেরা কেউ নিরাপদ ছিল না। এই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। অন্তত একটা নিঃশ্বাস ফেলার সময় হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্’র স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নবম মৃত্যুার্ষিকী উপলক্ষে ‘হান্নান শাহ্ স্মৃতি সংসদ’ কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভা আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রফেসর ইউনুস আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তিনি সবার কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ২০১৬ সালে বেগম খালেদা জিয়া দেশের কাঠামো পরিবর্তন করার জন্য বলেছিলেন। তারেক রহমানও ৩১ দফা কর্মসূচি দিয়েছিলেন। সরকার থেকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সবগুলো বিএনপির ৩১ দফার মাঝে রয়েছে। ওই সবগুলোতে আমরা একমত রয়েছি। কিন্তু কিছু রাজনৈতিক দল আছে, কিছু লোকজন আছে, যারা সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে সেগুলো ইউটিউবের মাধ্যমে প্রচার করে।

তিনি আরও বলেন, প্রচার করা হয় বিএনপি সংস্কার মানে না। সংস্কারের জন্মদাতাই তো বিএনপি। সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে।

হান্নান শাহর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘দল যখন সবচেয়ে কঠিন সময় পার করছিল, তখন অকুতোভয় হান্নান শাহ্ সামনে এসে দলকে তুলে ধরেছিলেন। দলের কথা, আমাদের নেত্রীর কথা, আমাদের নেতার কথা বলে বারবার জেলে গেছেন। একবার আমারও সুযোগ হয়েছিল তার সঙ্গে জেলে যাওয়ার। ঢাকা জেল থেকে কাশিমপুর জেলে এসেছিলাম। তখন আমি দেখেছি, তিনি কী রকম দেশপ্রেমিক ছিলেন। তিনি ছিলেন বিএনপিপ্রেমিক। জাতীয় নেতা হান্নান শাহর গুনের কথা বলে শেষ করা যাবে না। এ সময় তার আত্মার মাগফেরাত কামনা করেন মির্জা ফখরুল।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্ব এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাজী ছাইয়্যেদুল আলম বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. এমএ কাইয়ুম, হুমায়ুন কবীর খান, বেনজীর আহমেদ টিটু, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, ওমর ফাররুক সাফিন, শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা