প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:০২ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে প্রতিবেশী একটি দেশ ভূমিকা রেখেছে। তিনি বলেন, তিনটি তামাশার নির্বাচনের পরও দেশটি সেগুলোকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে। এতে স্পষ্ট যে তারা বাংলাদেশের জনগণের নয়, বরং একটি দলের পক্ষ নিয়েছিল।
বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে নিজের ফান্ড থেকে সহায়তার উদ্যোগ নিয়েছেন, সরকার গঠনের পর এ উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।
বিবিসিকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারের প্রশংসা করে দুদু বলেন, সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত গঠনমূলক ও হৃদয়স্পর্শী। সেখানে তিনি দেশের সমস্যাগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, আমরা খুনি সরকারকে বিদায় করেছি, কিন্তু কাজ এখানেই শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। যতদিন তা না হবে, ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করা যাবে না।