সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২১:৪২ পিএম
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। প্রবা ফটো
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ২০১৭ সালে হাজার হাজার রোহিঙ্গা তাদের দেশে ঠাঁই না পেয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এর আগেও রোহিঙ্গারা এ দেশে এসেছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষতার সঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা শুধু নিজের গদি রক্ষায় বিশ্বের বড় বড় দেশের সঙ্গে আতাত করেছেন। রোহিঙ্গা ইস্যুতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। তবে বিএনপি ক্ষমতায় গেলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে—ইনশাআল্লাহ।
শনিবার (৪ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এনএম একাডেমি মাঠে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ, গুম-খুন ও জুলুম থেকে দেশ রক্ষা পেয়েছে। যতদিন বিএনপি সরকারে ছিল, কোনো আলেম-ওলামা বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হয়নি। আমরা ফ্যাসিবাদ মানি না, চাই একটি নিরাপদ দেশ।
তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের শিখিয়েছে—নিজ ধর্ম পালন ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এটিই শহীদ জিয়ার আদর্শ, যা তারেক রহমান অক্ষরে অক্ষরে মেনে চলছেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটাই আমাদের বিশ্বাস।
সম্মেলনে ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দল নেতা মাওলানা নিজাম উদ্দীন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা রাসেদ মাতুব্বর প্রমুখ।