দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ২০:৩৬ পিএম
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে দাউকান্দি উপজেলার গৌরীপুর বাজারের বন্ধন কমিউনিটি সেন্টারে বিএনপির এক কর্মশালা ভার্চ্যুয়ালি উদ্বোধনকালে এই আহ্বান জানান তিনি।
প্রবীণ এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা গণমুখী কর্মসূচি দিয়েছিলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভিশন ২০-৩০ ঘোষণা করেছেন। পরে এটাকে আমরা ২৭ দফা করেছিলাম।পরবর্তীতে সমমনা দলের মতামত নিয়ে ৪ দফা বাড়িয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। এর আলোকেই আগামী জাতীয় নির্বাচনে দলের ইশতেহার হতে পারে।
কর্মশালায় ৩১ দফার ব্যাখ্যা ও প্রশিক্ষণমূলক বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই। ফ্যাসিবাদী হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতি ও গণতান্ত্রিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য সবার আগে রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা সংস্কার প্রস্তাব’ ঘোষণা করেছেন। যা সব মহলে সমাদৃত হয়েছে।
খন্দকার মারুফ আরও বলেন, বিএনপির রাজনীতি সর্বদাই দেশ ও জনগণের পক্ষে। জনগণ আমাদের রাষ্ট্র সংস্কার কর্মসূচির পক্ষে রয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে নানা তৎপরতা চালাচ্ছে কুচক্রী মহল। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।