চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২১:০৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২১:২৬ পিএম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু।
বুধবার (১ অক্টোবর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হবে। নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলমান। ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হলেও তার মতাদর্শ বাস্তবায়ন করার চেষ্টা চলছে, তা কখনও মেনে নেওয়া হবে না। আপনারা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করবেন। পুলিশ প্রশাসন সব সময় নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট আছে।
তিনি পূজামণ্ডপে উপস্থিত থেকে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে আশ্বস্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাডভোকেট শামিম রেজা ডালিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু ও সহসভাপতি মাগরিবুর রহমান প্রমুখ।