সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৫ পিএম
বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি- এর নাম রাজনীতি না। এটা জুলুম ও ডাকাতিতন্ত্র। আজকে ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জুলুম-অত্যাচার ও অবিচার করেছে। দেশের সম্পদ লুটপাট করেছে। ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। রাষ্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করেছে।
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা সদরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ সরকার নেই মানে প্রধান বিচারপতি নেই, ডিজিএফআই-এনএসআই প্রধান নেই, পুলিশের আইজিও নেই। এমনকি বায়তুল মোকারম মসজিদের ইমামও নেই। এটাকে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্রের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে সরকারকে জবাব দিতে হবে। এর নামই রাষ্ট্র।
আওয়ামী লীগ-বিএনপির কড়া সমালোচনা করে ফয়জুল করীম বলেন, বহু দলের শাসন আমরা দেখেছি। আওয়ামী লীগ-বিএনপির শাসন আমরা দেখেছি। আয়ুব খান, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি।
তিনি বলেন, চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। চোরের বদলে চোর ক্ষমতায় আনলে হবে না। ডাকাতের পরিবর্তে ডাকাত আনলে হবে না। পরিবর্তন আনতে হলে, ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।
বাংলাদেশের আদালত ও বিচারকদের কড়া সমালোচনা করে ফয়জুল করীম বলেন, আজকে আদালতগুলোর অবস্থা খুবই খারাপ। যে যখন ক্ষমতায় আসে, বিচারকরা তার দিকে তাকিয়ে রায় দেয়। এটা আদালত হতে পারে না। এর নাম বিচারক না। যদি আপনি সরকারি দলে থাকেন, তাহলে হাজারো খুন করে পার পেয়ে যাবেন। খোলা আকাশের নীচে ঘুরে বেড়াবেন। আর যদি সরকারি দলে না থাকেন, তাহলে আপনি নির্দোষ হলেও আপনাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।