শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭ পিএম
তারেক রহমানের পক্ষ থেকে দুর্গা মন্দিরে প্রতিনিধির হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মো. মনিরুজ্জামান। প্রবা ফটো
সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলায় ৭০টি পূজামণ্ডপে উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্যামনগর পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রত্যেকটি মন্দিরের পূজা কমিটির প্রতিনিধিদের হাতে উপহারের নগদ অর্থ তুলে দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মো. মনিরুজ্জামান। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়তে বিএনপি সব সময় পাশে ছিল এবং থাকবে। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সেই উদার মানসিকতারই বহিঃপ্রকাশ। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এই উদ্যোগের জন্য তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা বলেন, এই উপহার শুধু অর্থ নয়, এটি আমাদের প্রতি একটি সৌহার্দ্যের বার্তা বহন করে।
উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, বাংলাদেশ হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলার শাখার আহ্বায়ক অনাথ মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক দেবব্রত ব্যানার্জী, পৌর আহ্বায়ক বাবুলাল মন্ডল, বিএনপির অন্যান্য নেতারাসহ ৭০টি পূজামণ্ডপের সভাপতি / সম্পাদকসহ প্রতিনিধিরা।