× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, এনসিপির কড়া নিন্দা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩১ এএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৩ এএম

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, এনসিপির কড়া নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। দলটির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাও লাঞ্ছনার শিকার হন।

স্থানীয় সময় সোমবার বিকাল তিনটার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা তার ওপর হামলা চালায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন তারা।

এনসিপির তীব্র নিন্দা

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে বাংলাদেশ সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সফরে অংশগ্রহণ করতে গিয়ে আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন আখতার হোসেন ও তাসনিম জারা।’

‘এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ। আমরা প্রশ্ন রাখছি—যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পান, তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কনস্যুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায়? তারা কাদের স্বার্থে কাজ করছে, আর কেন এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না?’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমরা বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে দৃঢ় পদক্ষেপের দাবি জানাই।’

একই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

যা বললেন তাসনিম জারা

এ ঘটনার প্রতিবাদে তাসনিম জারা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই হামলা স্পষ্ট করে দেয়, পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত, এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না; বরং তার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা