জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৭ পিএম
পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কাসেমী। তিনি বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে আর ফ্যাসিস্ট তৈরি হবে না, কালো টাকা ছড়া-ছড়ি থাকবে না, পেশী শক্তি ব্যবহার করা হবে না, ভোট ছিনতাই হবে না, লুটপাট হবে না, ডাকাত-গুন্ডা-বদমায়েশ আর ক্ষমতায় যেতে পারবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে আয়োজিত এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্য আর হবে না। এই সিস্টেমে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে। যেখানে সমস্ত আদর্শের মানুষ থাকবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে কোন ভোট আর নষ্ট হবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে এমন এক সংসদ হবে, যেই সংসদের মধ্যে আলোচনার ভিত্তি, সমস্যার সমাধান খোঁজা হবে।
তিনি বলেন, ৫৩ বছর যারা শাসক ছিলেন, তারা এই জাতীকে মুক্তি দিতে পারেননি। আমরা আর আদর্শ বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না। আমরা রসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। একাত্তরের চেতনা, উমুকের চেতনা, এসব বাদ দেন। আমরা মদিনার চেতনায় উদ্বুদ্ধ হই। কোরআন-হাদীসকে বাস্তবায়ন করি।
ইসলামী আন্দোলনের জয়পুরহাট জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নাজমুল হাসান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লামা আব্দুল হক আজাদ।
সমাবেশ শেষে ফয়জুল করীম জয়পুরহাটের দুইটি আসনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেন। তারা হলেন- জয়পুরহাট ১ আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ, জয়পুরহাট ২ আসনে মাওলানা মুহাম্মাদ নাজমুল হাসান মাহমুদ।