প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৪ পিএম
সাত দফা দাবিতে জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে এনসিপি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নিম্নকক্ষে আমরা পিআর চাই না, আমরা এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছি না। আমরা উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদকে অংশগ্রহণমূলক দেখতে চাই, সেটি নিশ্চিত করে আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই।’
তাই জামায়াতে ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে এনসিপি নেই বলে জানান নাহিদ।
তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।’
দলের প্রতীক নিয়ে তিনি আশা প্রকাশ করেন, ‘আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব।’
নাহিদ বলেন, ‘আমরা শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং জবাবদিহির জন্য একটা কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। সেটাকে নিশ্চিত করেই যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়।’