নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
‘জুলাই সনদকে বাস্তবায়ন করে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতিতে জনগণের ভোটের দাম হবে, দেশের মানুষ পিআর পদ্ধতি চায়। নির্বাচনকে স্বচ্ছ ও মানুষের উপকারের জন্য পিআর পদ্ধতির নির্বাচন জরুরি।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বরিশাল নগরীর নগর ভবন চত্বরে কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, জাতীয় পার্টি ও ১৪ দল যেভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে তাদের স্থান বাংলাদেশে হবে না। জাতীয় পার্টিসহ ১৪ দলের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। অতীতের নির্বাচনে মানুষ তাদের অধিকার ফিরে পায়নি। তাই আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। আমরা বিচার চাই, বিচারে অপরাধীদের শাস্তি হবে। আর সেই বিচারের মাধ্যমে দেশের সব অনিয়ম উঠে যাবে।
এ সময় ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোসহ ৫ দাফা দাবি আদায়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বরিশাল মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।