লালমোহন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৩ পিএম
লালমোহনে ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় মেজর (অব.) হাফিজ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি সব সময় দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মূল্যায়ন করেছে। বিগত সময়ে বিএনপি চারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল। আমরা তখনও চেয়েছিলাম আলেম-ওলামা ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মান অক্ষুণ্ন রাখতে। গতকাল বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পাবলিক লাইব্রেরির হলরুমে ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ বলেন, বিএনপি যদি আগামীতে দেশের জনগণের ভোটে জাতীয় সংসদে যেতে পারে, তাহলে আমাদের দল কখনোই কোরআন-সুন্নাহর আদর্শের বিরুদ্ধে কোনো আইন পাস করবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম জনবহুল দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করা যাবে না।
লালমোহন করিম রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজীজ শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ লালমোহন উপজেলার বিভিন্ন মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও ওলামায়ে কেরামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।