× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজপথ ফের উত্তপ্ত হওয়ার আলামত

মজুমদার ইমরান

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৯ এএম

গ্রাফিক্স প্রবা।

গ্রাফিক্স প্রবা।

আন্দোলন সংগ্রামে রাজপথ আবার উত্তপ্ত হওয়ার আলামত দেখা দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সে আলামত স্পষ্ট হচ্ছে।

গতকাল সোমবার প্রায় অভিন্ন দাবিতে তিন দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী ও খেলাফত মজলিস। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা; জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ প্রায় অভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অচিরেই এই দলগুলো যুগপৎ আন্দোলনে নামতে পারে। তাতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েকটি দাবিতে আটটি রাজনৈতিক দল যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে, সম্প্রতি এমন খবর আলোচনায় আসে। তবে এখনও যুগপৎ কোনো আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামায়াত ইসলামী। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এ সময় তিনি তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।

আব্দুল্লাহ মো. তাহের জানান, পাঁচ দফা দাবিতে তারা কর্মসূচি পালন করবেন। এগুলো হলোÑ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ওই পাঁচ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল; ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা, উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘আমরা লক্ষ্য করছি, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ অবস্থায় জনগণের দাবি আদায়ে গণআন্দোলনের কোনো বিকল্প নেই।’

যুগপৎ কর্মসূচির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘কতগুলো দল, যুগপৎ কর্মসূচি হবে কি নাÑ সেটি এখনও নির্ধারণ করা হয়নি। যেহেতু দাবি এক, যারা পিআরের (সংখ্যানুপাতিক পদ্ধতি) বিষয়ে একমত, প্রতিটি দল নিজ নিজ জায়গা থেকে এই দাবিতে কর্মসূচি দিচ্ছে। সে কারণে এখনও যুগপৎ বলা যাচ্ছে না, সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি।’

এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, জামায়াত শুরু থেকেই উভয় কক্ষে পিআর চেয়েছে। ঐকমত্য কমিশনে অংশ নেওয়া ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। পার্থক্য হচ্ছে এসব দলের মধ্যে অনেকে উচ্চকক্ষে পিআর চেয়েছে, জামায়াত এবং আরও কিছু দল উভয় কক্ষে পিআর চেয়েছে।

এ প্রসঙ্গে এই জামায়াত নেতা আরও বলেন, যেসব দল পিআরের পক্ষে, সবার সঙ্গে জামায়াত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। জামায়াত সরকারের কাছে মৌখিকভাবে ছোটখাটো দাবি জানাচ্ছে। যদি সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ-আলোচনার জন্য না ডাকে, তাহলে ধীরে ধীরে কর্মসূচি দেওয়া হবে।

যুগপৎ কর্মসূচিতে গেলে তাদের নিয়ে নির্বাচনী জোট হতে পারে কি নাÑ এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনী জোটের বিষয়টি সময়ের ব্যাপার। তবে জুলাই চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে একটা বোঝাপড়া নিয়ে নির্বাচন করা যায় কি নাÑ এটি নিয়ে আলোচনা চলছে।

দাবি আদায়ে মাঠের কর্মসূচির কারণে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের আশঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের আগে আরও পাঁচ মাস সময় আছে। এর মধ্যে এসব দাবি পূরণ করা, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া, গণভোটের প্রয়োজন হলে সেটি করাÑ সবকিছুই এর ভেতরে করা সম্ভব।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান প্রমুখ।

তিন দিনের কর্মসূচি দিলো খেলাফত মজলিস

গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত, উচ্চকক্ষ নির্বাচনে পিআরসহ ৬ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। একই দিন ঢাকার পল্টনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ড. আহমদ আবদুল কাদের বলেন, গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা, উচ্চকক্ষ নির্বাচনে পিআরসহ ৬ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকা, ১৯ সেপ্টেম্বর দেশের সব মহানগর ও ২৬ সেপ্টেম্বর সব জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপিকে চাপে রাখা এই কর্মসূচির উদ্দেশ্য নয়। অতিদ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে আইনি ভিত্তি প্রদানের দাবি জানা হয়েছে।

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

দাবি পূরণে খেলাফত মজলিস মাঠে থাকবে উল্লেখ করে তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে। সেজন্য তারা এ দাবি করছেন। তবে নতুন এই দাবি ও কর্মসূচি পূরণে সম্মিলিত কোনো কর্মসূচি হবে কি না বা অন্য কোনো দল যুক্ত হবে কি নাÑ সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি আহমদ আবদুল কাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা