× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

পররাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য জনগণের সঙ্গে তামাশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৭:১৬ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১৭:৩০ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিদ্যুৎ ও জ্বালানি খাতে লাগামহীন দুর্নীতি-হরিলুটের খেসারত দিতে হচ্ছে জনগণকে। এর দায় নিয়ে বর্তমান সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তা না হলে গণ-আন্দোলনের মাধ্যমে জনগণই এ সরকারকে পদত্যাগে বাধ্য করবে।

শনিবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লোডশেডিং প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে নজিরবিহীন অর্থ ব্যয় করেও কেন পুনরায় দেশের জনগণকে লোডশেডিংই বরণ করতে হচ্ছে? আজ কেন তবে বিদ্যুতের ব্যবহার কমিয়ে সাশ্রয়ী হওয়ার নসিহত দেওয়া হচ্ছে? কেন বিদ্যুৎখাত আজ অর্থনীতির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে?’

তিনি বলেন, ‘সরকারের অপরিণামদর্শী ও অদক্ষ পরিকল্পনার কারণে বিদ্যুৎ খাতে আজকের এই অবস্থা। চাহিদার তুলনায় অনেক বেশি সক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। যার ফলে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিভিন্ন মেগা প্রকল্পে চলছে মেগা দুর্নীতি। প্রায় সবগুলো প্রকল্পই ধীরগতিতে চলায় জনভোগান্তির পাশাপাশি প্রকল্প ব্যয়ও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, যা বিদেশি ঋণের ওপর নির্ভরতাকে আরও বাড়িয়ে অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।’  

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে চলমান রিজার্ভের টালমাটাল অস্থিরতা, ব্যাংকিং খাতে চরম অরাজকতা ও অব্যবস্থাপনা, তীব্র জ্বালানি সংকট, ডলার ঘাটতির কারণে আমদানি ব্যয় নির্বাহের সংকট, বিদ্যুৎ ঘাটতির কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি-- সব মিলিয়ে অর্থনীতি এক মহাসংকটে নিপতিত হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় এ অবৈধ সরকার জনকল্যাণের প্রতি কোনও দায়দায়িত্বও বোধ করে না।

তিনি বলেন, ‘জনগণের উচিত এখনই সোচ্চার হওয়া, বর্তমান কর্তৃত্ববাদী জবাবদিহিহীন সরকারের গুম, খুন, অমানুষিক অত্যাচার, নিশিরাতের ভোট ডাকাতি ও রাষ্ট্রীয় কোষাগার লোপাট, সর্বগ্রাসী দুর্নীতি এবং হরিলুটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‘মানুষ দিশেহারা হয়ে পড়েছে। চরমভাবে দেয়ালে পিঠ ঠেকে গেছে জনগণের। বিদ্যুৎ খাতের বিপর্যয়, রিজার্ভের সংকট সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক নৈরাজ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাসের দায় নিয়ে বর্তমান সরকারকে আমরা অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। তা না হলে দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে জনগণই এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি-- পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য জনগণের সঙ্গে তামাশা।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এর আগেও এমন এমন সব উক্তি করেছেন, যেগুলো হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে জনদুর্ভোগের সময়ে তার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই।’

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চারদলীয় জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ প্রমুখ।

/প্রবা/এইচকে/

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা