প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্রসমাজ সচেতন রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে বিএনপি স্বনির্ভর দেশ গড়বে বলেও জানান গয়েশ্বর।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি পদে মনোনীত আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জিএস পদে শেখ তানভীর বারী হামিম সম্প্রতি ঘোষিত কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আর এজিএস পদের তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।