প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৫ এএম
ছবি: সংগৃহীত
দেশের রাজনীতির অন্যতম পুরোধা, লেখক, গবেষক, তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি সেখানে আনা হয়। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানানোর জন্য কিছু সময়ের জন্য মরদেহটি শহীদ মিনারে রাখা হয়।
রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন লেখক, গবেষক ও চিন্তাবিদ হিসেবে তিনি পেয়েছিলেন ব্যাপক স্বীকৃতি। দেশের রাজনৈতিক পরিবর্তন, সামাজিক ইস্যু এবং জাতীয় সংকটে তিনি সবসময় বিশ্লেষকের দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
২০২৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।