ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযাচিত ভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। রোববার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থল পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি৷
তিনি বলেন, আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণ যোগ্য হবে।
আজ অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে মহাসচিব বলেন, আশা করছি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে৷ সবচেয়ে বড় পাওয়া হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন৷ আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।
উল্লেখ্য,দীর্ঘ ৮ বছর পর হতে যাচ্ছে জাতীয়তাবাদী দল-বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। শহরের প্রাণকেন্দ্র জেলা স্কুল বড় মাঠ ব্যানার, পোস্টার, ফেস্টুনে ঘিরে ফেলেছে নেতাকর্মীরা।
সোমবার সকাল ১১টা থেকে শুরু হবে সম্মেলনের মূল কার্যক্রম। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা নূর করিম।
সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ বিরতির পর এমন আয়োজন ঠাকুরগাঁও বিএনপিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে।
বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এত বড় পরিসরে ঠাকুরগাঁওয়ে বিএনপির কোনো সম্মেলন হয়নি। এ আয়োজন আমাদের দলের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঠাকুরগাঁও জেলা সবসময় বিএনপির একটি শক্ত ঘাঁটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় এখানকার সম্মেলন শুধু সাংগঠনিক নয়, জাতীয় রাজনীতিতেও নতুন বার্তা দেবে।