বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩০ পিএম
প্রবা ফটো।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কলেজেই শেষ হয়।
মিছিলের পূর্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক, সাবেক এমপি আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন।
বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপির প্রধান লক্ষ্য।
তারা আরও বলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপি প্রথম যুগ্ন আহবায়ক জিয়াউল আহসান জুয়েল সিকদার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সদস্য সচিব শাহিন তালুকদার, আহবায়ক কমিটির সদস্য নাসির হাওলাদার, হারুন অর রশিদ সিকদার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ প্রমুখ।