প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ২১:০৫ পিএম
ছবি সংগৃহীত।
জাতীয় পার্টিকে ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টি (জাপা) কখনও সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাসবিরোধী আইনে জাপাকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না। আরপিও অনুযায়ী যে সকল কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাপা কখনই করেনি। জাপার বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। গতকাল রবিবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে, তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত-সন্ত্রস্ত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না। গত শনিবার সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহুর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে।
জাপা মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করছে জাপা। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।