প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৭:২২ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে নেয়া হবে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ফোনে নুরের সঙ্গে কথা বলছেন এবং হামলার ঘটনায় সমবেদনা ও নিন্দা জানিয়েছেন।
রাজধানীর বিজয়নগরে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী লাঠিচার্জ করে। এ সময় আহত হন নুরুল হক নুর। তার মাথায় আঘাত লেগেছে ও নাকের হাড় ভেঙে গিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুর। তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।