প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রপন্থী অংশীদাররা—বিএনপি ও এর মিত্ররা—সংযম ও সহনশীলতা বজায় রাখবে। গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা অবশ্যই জয়ী হবে। দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত করে জনতার শাসন প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের সহিংসতার সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন ও সবার জন্য ন্যায়বিচার, সাম্য এবং মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারি।’
নুরের দ্রুত সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘটনার আইনানুগ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।