খুলনা অফিস
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ২২:৫৮ পিএম
প্রবা ফটো।
খুলনায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর বিএমএ মিলনায়তনে এ ঘটনা ঘটে। এতে এক নেতা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।
সভাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত আটটায় গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপি কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে মতবিনিময় সভা শুরু হয়। রাত ৯টার দিকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে সংগঠনের দক্ষিণাঞ্চলীয় সংগঠক মো. ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন।
আজাদ মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে সংগঠনের একাংশের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে চিৎকার শুরু করেন ‘চাঁদাবাজ কেন মঞ্চে’। তাদের প্রতিবাদে আজাদের অনুসারীরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মুহূর্তেই দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মঞ্চে উপস্থিত এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে তারা সভাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর মিলনায়তনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয়পক্ষের ধস্তাধস্তিতে এক নেতা আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত নেতার নাম জানা যায়নি।
এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও স্থানীয় নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দুই পক্ষের হাতাহাতি ঘটনা সম্পর্কে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এটি তেমন কিছু না। দুই গ্রুপের মধ্যে হৈ চৈ হয়েছে।