কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ২০:৫৪ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫ ২১:০২ পিএম
নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সকল ভালো মানুষ। আপনারা (জনগণ) কোনও খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ। তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে তার নেতাকর্মীরা দেড় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা ভোটের অধিকার জিতেছি। যে কোনোভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে ।
সভায় প্রধান বক্তার বক্তৃতায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে ১০ বছরে ৬ বার সরকার বদল হয়েছে।
সদ্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিকদলকে আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম। চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।