× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচন

প্রচারণা শুরু আজ, বিধিমালা জারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১০:৫৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে উঠেছে ক্যাম্পাস। প্রার্থীদের পাশাপাশি তাদের ভোটার ও সমর্থকদের পদচারণায় মুখর ক্যাম্পাসের একটি আনন্দ মুহূর্ত। সোমবার দুপুরে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে উঠেছে ক্যাম্পাস। প্রার্থীদের পাশাপাশি তাদের ভোটার ও সমর্থকদের পদচারণায় মুখর ক্যাম্পাসের একটি আনন্দ মুহূর্ত। সোমবার দুপুরে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিকে আজ থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, সিটি এসবির ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপির রমনা জোনের ডিসি মো. মাসুদ আলম ও শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর।

এ ছাড়া, এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরেকটি সভায় যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে ইচ্ছুক, তাদেরকে ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বর্তমানে তা বন্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল ও দপ্তরসমূহের জন্য চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে।

এদিকে বিভিন্ন অভিযোগে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর আপিলের পর যাচাই-বাছাই শেষে আবেদনকারী প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়াও, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসমূহ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনাল কমিটির সভায় জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। 

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। গতকাল দুপুরে সিনেট ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মোট ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে অবস্থান করায় ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে এরই মাঝে দুঃখ প্রকাশ করেছেন উমামা। তিনি বলেন, আমি নিয়ম-বহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।

রবিবার রাত ১টার পর উমামা ফাতেমাকে রোকেয়া হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা যায়। রাতে নির্দিষ্ট সময়ের পর নারী হলগুলোর গেট বন্ধ হয়ে যায়। সে জায়গায় রাত ১টার পর উমামার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এই ইস্যুতে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার রোকেয়া হলে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে কথা তোলা হচ্ছে।তবে আমি কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করতে যাইনি। 

এদিকে আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে নির্বাচনের প্রচারণা। যা ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত চালানো যাবে। এ লক্ষ্যে বেশ কিছু বিধিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিধিমালা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালীন ছাত্রী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পাঠকক্ষ ছাড়া হলে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে, রুমের সামনের বারান্দায়, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে প্রচারণা চালাতে পারবে। তবে অন্য হলের বা অনাবাসিক প্রার্থীরা আবাসিক হলে প্রচার কার্যক্রম চালাতে গেলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে।

ছেলে প্রার্থীরা ছাত্রী হলের হল প্রশাসন কর্তৃক কেবল নির্ধারিত অডিটোরিয়াম/অতিথি কক্ষে প্রচারণা চালাতে পারবে।

এই নির্বাচনের আচরণ বিধিমালা ৬(গ) অনুযায়ী একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে প্রতিটি হলে একটি প্রজেকশন মিটিং করার বিধান রয়েছে। সেক্ষেত্রে প্রার্থী তারিখ ও সময় উল্লেখপূর্বক হল প্রশাসন থেকে ২৪ ঘণ্টা পূর্বে অনুমতিপ্রাপ্তি সাপেক্ষে হল অডিটোরিয়াম ব্যবহার করতে পারবে।

এ ছাড়া প্রচারণায় কেবল সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। এক্ষেত্রে সেখানে কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ব্যতীত অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।

এ ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতিসাধন ও কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা