প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ০০:৩০ এএম
ছবি: সংগৃহীত
আগের মতো যেনতেন নির্বাচন হলে দেশ আরও গভীর সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, দেশের অর্থনীতির পরিস্থিতি নাজুক। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না তার নিশ্চয়তা নেই।
গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়েছে দেশের সুন্দর একটি পরিবেশের জন্য। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণে গত এক বছরে আমরা কতটুকু এগোতে পেরেছি, সরকার ও রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে।
সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, চারদিকে আজ অস্থিরতা। দেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। আর সেজন্য অবশ্যই নির্বাচন দরকার। কিন্তু তার আগে দরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে বলে মনে হয় না।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেনÑ জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা প্রমুখ।