প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ২০:৫১ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ২১:১৫ পিএম
বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে উপনির্বাচনে যাবে না বাম গণতান্ত্রিক জোট। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে নজিরবিহীন জালিয়াতি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে কোনো উপনির্বাচনে অংশ নেয়নি গণতান্ত্রিক বাম জোটের সদস্যরা। সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত থাকছে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, ‘এই অবৈধ সরকারের অধীনে কোনো জাতীয় বা উপনির্বাচনে বাম জোটের কোনো দল অংশ নেবে না। এটা পুরনো সিদ্ধান্ত৷ আমরা সেই সিদ্ধান্তে অটল আছি৷ ইতোমধ্যে আমরা দাবি জানিয়েছি, ৩০ ডিসেম্বরের মধ্যে সংসদ ভেঙে দিয়ে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে৷ আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি৷ বিএনপির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে তাই বাম জোটের অংশ নেওয়ার প্রশ্ন আসে না।’
বাম গণতান্ত্রিক জোটের আরেক সদস্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘এসব আসনে উপনির্বাচনে অংশ নেওয়া মানে এই অবৈধ সরকারকে, নির্বাচন কমিশনকে বৈধতা দেওয়া৷ আমরা আগেই বলেছি, আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই কোনো জাতীয় নির্বাচনে আমরা যাব না। সেই সিদ্ধান্তে অটল রয়েছে বাসদও।’
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনকে বেগবান করতে গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকায় বিভাগীয় সমাবেশ থেকে বিএনপির সাত সংসদ সদস্য তাদের পদ থেকে পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত জানান।
সাত সংসদ সদস্য হলেন- বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত নারী আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা।
গতকাল রবিবার হারুন-অর-রশিদ ছাড়া অন্য ছয়জন স্পিকারের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিলে জাতীয় সংসদ সচিবালয় ছয়টি আসনকে শূন্য ঘোষণা করে আলাদা গেজেট প্রকাশ করেছে।
এখন আইন অনুযায়ী শূন্য ছয় আসনে ৯০ দিনের মধ্যে ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)।