প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৪:২৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫ ১৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন।
অন্যদিকে, আইআরআইয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার। তার সঙ্গে ছিলেন উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
বৈঠক শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গিও প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, আইআরআই ইতোমধ্যেই জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। এর অংশ হিসেবে গত ১৯ আগস্ট সংস্থাটির প্রতিনিধি দল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করে।