× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ আগস্ট

৩২ নম্বর ঘিরে দিনভর নানা ঘটনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ২২:২৪ পিএম

৩২ নম্বর ঘিরে দিনভর নানা ঘটনা

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে দিনভর ধানমন্ডি ৩২ নম্বরের বিধ্বস্ত ভবন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের তৎপরতা ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। 

শুক্রবার (১৫ আগস্ট) পুলিশ ও রাজনৈতিক প্রতিপক্ষের বাধায় ফুল দিতে আসা অনেকে রোষানলে পড়েন, হেনস্থার শিকার হন এবং অনেকে ফিরে যান। ক্রোধের আঁচে যেন শ্রদ্ধা জানানোও নিষিদ্ধ হয়ে পড়ে। এদিন রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় গ্রেপ্তার হয়েছে প্রায় ২ হাজার নেতাকর্মী।

সরেজমিনে দেখা যায়, ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দিনভর ছিল বিএনপির বিভিন্ন ইউনিটের উৎসুক নেতাকর্মীদের উপস্থিতি। সকালে ধানমন্ডি লেক পার্কে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানো হয়। কাদের উদ্যোগে এই গান বাজানো হচ্ছে, পরিচয় জানতে চাইলে আয়োজকেরা নিজেদের ‘সাধারণ ছাত্র’ বলে পরিচয় দেন।

এদিন ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির সামনের সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় এক নারীর। শ্রদ্ধা জানাতে আসা ওই নারীকে ফেরত পাঠায় পুলিশ।

দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে আসেন রিকশাচালক পরিচয় দেওয়া এক ব্যক্তি। তার ভাষ্যমতে, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন। এ সময় উপস্থিত কয়েকজন তাকে মারধর করলে পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে যায়। ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

এর আগে সকালে ৩২ নম্বরের সড়কের পশ্চিম পাশে তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে আসেন এক দম্পতি। তখন তারা সেখানে উপস্থিত বিভিন্ন দলের নেতাকর্মীদের রোষানলে পড়েন। বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

একই সময় ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের পূর্ব পাশে পৃথক দুই ব্যক্তি শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্থার শিকার হন। তাদের কলার চেপে ধরাসহ চড়-থাপ্পড়ও মারেন উপস্থিত বিভিন্ন দলের নেতাকর্মীরা। পরে পুলিশ তাদেরকে রিকশায় উঠিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে এক নারী শেরেবাংলা নগর থেকে ফুল দিতে এলে তাকেও ফিরিয়ে দেওয়া হয়।

ডিএমপির উচ্চপর্যায়ের সূত্রে জানা যায়, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে যে কোনো ধরনের নাশকতার আশঙ্কায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখামাত্রই গ্রেপ্তার করার কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনকে কেন্দ্র করে গতকাল ধানমন্ডির ৩২ নম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ সূত্র জানায়, পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৬৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৮২৫ জন রয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গতকাল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, এ সময় ৯ রাউন্ড শটগানের গুলি, ছয়টি চাপাতি, দুইটি দা, আটটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, ১৩টি কার্তুজ, চারটি ছোরা, একটি হাঁসুয়া ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা