× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরেই ফিরছেন তারেক রহমান

মজুমদার ইমরান

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১০:৫৩ এএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ১১:০৬ এএম

নভেম্বরেই ফিরছেন তারেক রহমান

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ঘিরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান যেদিন ফিরে আসবেন, সেদিন ঢাকার রাজপথে মানুষের ঢল নামবে। তাকে বীরের বেশে বরণ করে নেবে জনগণ। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তারেক রহমানের আগমনের জন্য পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষায়। তিনি (তারেক রহমান) যেদিন আসবেন, সারা দেশ থেকেই নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তারেক রহমানের ফেরার প্রস্তুতি চলছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা সবকিছু বিবেচনায় নিয়েই তিনি আসবেন। সম্প্রতি ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, শিগগিরি তিনি দেশে ফিরবেন। সরাসরি তার সঙ্গে নেতাকর্মী ও জনগণের সাক্ষাৎ হবে।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি। তখন থেকে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত থেকেও বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। 

জানা গেছে, দেশে ফিরে রাজধানীর গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে বাড়িটিতে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় দেড় বিঘা জমির ওপর নির্মিত বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন। আগে মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) এ বাড়িতে ভাড়া থাকতেন। ছয় মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দেন। এরপরই তারেক রহমান থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। 

গুলশান-২ গোলচক্কর পেরিয়ে অ্যাভিনিউর শেষ মাথায় ১৯৬ নম্বর বাড়ি। সম্প্রতি গিয়ে দেখা যায়, সাদা রঙের দোতলা বাড়িটির বহিরাঙ্গন ও ভেতরটাও বেশ পরিপাটি করে সাজানো। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন। বাড়িতে মূল ভবন, সুইমিং পুল ছাড়াও সামনে অনেক খোলা জায়গা রয়েছে। ‘ফিরোজা’ নামে যে বাসায় খালেদা জিয়া ভাড়া থাকেন, এটি তার সঙ্গে লাগোয়া।

তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন, সে বিষয়ে বিএনপি নেতারা সুনির্দিষ্ট করে কিছু না বললেও তারেক রহমান যে শিগগির দেশে ফিরবেন, এটা নিশ্চিত। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা, বাসভবন, রাজনৈতিক কার্যালয়সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে।

এ বিষয়ে বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান, তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণঅভ্যর্থনা জানাতে প্রস্তুত। এক্ষেত্রে আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তার (তারেক রহমান) ব্যক্তিগত নিরাপত্তাসহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে। তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয়, সেটি দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা