× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা আ. লীগের

তানভীর হাসান ও শাহরিয়ার জামান দীপ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ২৩:২৮ পিএম

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা আ. লীগের

জনরোষের মুখে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেয় দলটির নেতাকর্মীরা। এমন অবস্থায় ১৫ অগাস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি পাঁয়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গোয়েন্দা সূত্রে বলা হচ্ছে, শোক দিবসের আবেগ পুঁজি করে আওয়ামী লীগ মাঠে নেমে অপতৎপরতা চালানোর চেষ্টা করতে পারে। 

ইতোমধ্যে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভার্চুয়াল বৈঠকের পাশাপাশি হোটেল-রেস্টুরেন্টেও একাধিক বৈঠক করেছে। পরিকল্পনা বাস্তবায়নে দেশের বাইরে থেকে দেওয়া হচ্ছে অর্থের জোগান। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া দলটির নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো। 

গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর উপকণ্ঠ হিসেবে পরিচিত গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছেন। ভোল পাল্টে তারা এখন গার্মেন্টকর্মী ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এ ছাড়াও রাজধানীর ভেতরেও অনেকে অবস্থান করছেন। ১৫ অগাস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে শোক ও শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে দলটির নেতাকর্মীরা। কার্যক্রমে বাধা এলে বিদেশে পলাতক নেতাদের পক্ষ থেকে প্রতিহতের নির্দেশও দেওয়া হয়েছে। এমন অবস্থায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, ‘সম্প্রতি রাজধানীর বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ১৫ আগস্ট উপলক্ষে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানোর পরিকল্পনা তাদের ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়গুলো সরকারের নীতি নির্ধারক পর্যায়েও অবহিত করা হয়েছে।’

জানা গেছে, গত বছরের ১৫ আগস্টেও দলটির নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করে সফল হয়নি। তবে এবার তারা আটঘাট বেঁধে মাঠে নেমেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা লোকজন তাদের সহায়তা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, নাশকতার জন্য অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু দলের জন্য নিবেদিত প্রাণ এমন কর্মীদের বাছাই করা হয়েছে। এজন্য প্রচুর অর্থ বিনিয়োগ করা হচ্ছে। মূলত একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধান ও পরিকল্পনায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।

দেশে যেকোনো ধরনের বিক্ষোভকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দলটির নেতাকর্মীরা। প্রসঙ্গত, গত ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডবলীলা চালায়। পরদিন এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ ক্যাডারকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরবর্তীতে গ্রেপ্তারদের ব্যাপক জিজ্ঞাসাবাদের সূত্রে গোয়েন্দারা জানতে পারেন, পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের যোগাযোগ হয়। সেখান থেকেই পরিকল্পনা করা হয় যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ‘ঘোলা পানিতে মাছ’ শিকারের। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রায় ৫০ জনের মতো আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডার সাধারণ ছাত্রদের সঙ্গে মিশে সচিবালয়ে তাণ্ডব চালিয়েছিল। 

পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতা মাঠে না থাকলেও অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে। যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা দেশে-বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায়। পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের গোয়েন্দারা। 

এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুলিশ সব সময় সতর্ক থাকে। আগস্ট মাসকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্রমতে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা গোপালগঞ্জসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের সভা-সমাবেশের প্রস্তুতি নিচ্ছে কি না তাও গোয়েন্দারা নজরে রাখছেন। 

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সারা দেশে যাতে কেউ কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ ইউনিট ও জেলা, মহানগরকে সতর্ক থাকতে বলা হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা