প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১২:০৩ পিএম
ফাইল ফটো
হার্টের বাইপাস সার্জারির ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, আল-হামদুলিল্লাহ, সফল অপারেশনের পর আমির নিজ বাসায় ফিরেছেন। তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
গত ২ আগস্ট ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। এর আগে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি হন। প্রথমে বড় কোনো জটিলতা না পাওয়া গেলেও পরে ৩০ জুলাই এনজিওগ্রামে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।
জামায়াত জানিয়েছে, আমিরের বাসায় ফেরার উপলক্ষে দলীয় কেন্দ্রীয় নেতারা শিগগিরই প্রেস ব্রিফিং করবেন।