প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
রবিবার (১০ আগস্ট) রাতে এই নোটিশ পাঠানো হয়।
এদিন সন্ধ্যায় অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন এক আলাপে বন্দরকেন্দ্রিক আন্দোলন থামিয়ে দেওয়ার কথা বলছেন এবং টাকার প্রসঙ্গ উঠছে। ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। পোস্টের ক্যাপশনে রাহাদুল দাবি করেন, “সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন—এটি দুর্নীতি এবং জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ভিডিও প্রকাশের ঘটনায় নিজামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে জানাতে বলা হয়েছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর রাতে ফেসবুক লাইভে এসে নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, “এটি পরিকল্পিত ষড়যন্ত্র। ৩০ মে রাতে এক পরিচিত ভাই ফোন করলে দুষ্টুমি করে কথা বলি। সেটি ভিডিও করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। আমি কোনো টাকা চাইনি। প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক।”
প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, মেসেঞ্জারে আফতাব হোসেন রিফাতের সঙ্গে আলাপ করছেন নিজাম উদ্দিন। কথোপকথনে আন্দোলন বন্ধের আশ্বাস ও টাকার পরিমাণ নিয়ে আলোচনা হয়। আফতাব জানান, তিনি ৫ লাখ টাকা দিয়েছেন। জবাবে নিজাম বলেন, আরও ৫ লাখ টাকা নেওয়া যায় কি না দেখতে এবং আন্দোলন বন্ধে সংশ্লিষ্টদের কিছু দেওয়ার কথা বলেন।
উল্লেখ্য, আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক এবং কথোপকথনে উল্লিখিত মীর ও রোহানও ওই সংগঠনের সঙ্গে যুক্ত।
এর আগে নিজামের বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে এক নারীর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছিল। ওই নারী গত ৫ জুলাই সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দেন, যার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব পদ থেকে নিজামকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি আবার সেই পদে ফেরেন।