বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২২:৪৮ পিএম
বাংলাদেশে আগামীতে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘সেই সংকট থেকে আগামীতে ওয়ান ইলেভেনের কিংবা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে। অনেকেই মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে।
নির্বাচন হবে, কেউ সরকারে যাবে অন্যরা বিরোধী দলে; পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনও শঙ্কা কাটেনি। ’
রোববার (১০ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আঠারো থেকে চব্বিশ, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় নুরুল হক এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ এ সভার আয়োজন করে।
ডাকসুর সাবেক ভিপি (সহসভাপতি) নুরুল হক নুর বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারেনি।
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া সম্পর্কে নুরুল হক আরও বলেন, ‘বাংলাদেশের সব রাজনৈতিক দলের সব নেতার সঙ্গে কথা বলেছি। তাদের জবাব যদি আপনাদের শোনাই, আপনারা এখন তাদের থুতু দেবেন। কিন্তু আমি চাই না ওই কথা বলে তাদেরকে নতুন করে লজ্জায় ফেলতে।
ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে বলেন তিনি।