× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক প্লাটফর্মে আসার চেষ্টা বাম দলগুলোর

দীপক দেব

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ০০:৩৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজনীতির মাঠে চলছে সাজ সাজ রব। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। ভোটের সমীকরণ করছে রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক মেরুকরণও। রোজার আগেই নির্বাচন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার পরই রাজনৈতিক দলগুলো জোটের হিসাব কষতে শুরু করেছে। এরই মধ্যে বিএনপি এবং জামায়াত তথা ইসলামী দলগুলো নিজেদের মতো করে ভোট ও জোটের প্রস্তুতি শুরু করেছে। এই দৌড়ে পিছিয়ে নেই বামপন্থি দলগুলোও। 

বিএনপি, জামায়াত ও ইসলামী দলগুলোর বাইরে বামপন্থি দলগুলোও এবার একটি বামবলয় গঠন করতে চাইছে। যাতে তারা ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে অবতীর্ণ হতে পারে। এজন্য দলগুলো এরই মধ্যে নিজেদের মতো করে কয়েক দফা বৈঠকও করেছে। তবে জোট গঠনের বিষয়টি চূড়ান্ত হতে আরও কিছু সময় লাগবে। এই প্রক্রিয়াতে মুখ্য ভূমিকা পালন করছে বাম গণতান্ত্রিক জোটের দুই প্রধান শরিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। 

সংশ্লিষ্টরা বলছেন, জোট গঠনের উদ্দেশ্যÑ প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষাতা নিশ্চিত করার মাধ্যমে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশের জন্য মাঠের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী নির্বাচন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক গোষ্ঠীর সমর্থন নিয়ে শ্রেণিবৈষম্য দূর করে একটি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর এ লক্ষ্য সামনে রেখেই রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্য নিয়ে চলছে জোট গঠনের প্রক্রিয়া। 

এ প্রক্রিয়ায় যুক্ত নেতৃবৃন্দ বলেন, দ্বিদলীয় রাজনীতির বাইরে একটি বামবলয় গঠনের প্রক্রিয়া নিয়ে দেশের বামপন্থি প্রগতিশীল দলগুলোর মধ্যে অনেকদিন ধরেই আলাপ-আলোচনা চলছে। আর বর্তমান বাস্তবতায় বিএনপি ও ধর্মভিত্তিক দলগুলোর বাইরে একটি বামজোট গঠনের আকাঙ্ক্ষা থেকে আবারও নতুন করে কাজ শুরু হয়েছে। এরই মধ্যে বেশকিছু দলের সঙ্গে আলোচনাও হয়েছে। মাঠের রাজনীতিতে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা জোটবদ্ধভাবে সম্প্রতি বন্দর রক্ষায় লংমার্চ কর্মসূচিও পালন করেছে। 

চলতি আগস্টে এই প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে জানান নেতৃবৃন্দ। তারা আরও বলেন, জনজীবনের সমস্যা, জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন ও এরই ধারাবাহিকতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের চিন্তা থেকেই এই জোট গঠনের কথা ভাবা হচ্ছে। জানা যায়, প্রাথমিকভাবেÑ ‘যুক্তফ্রন্ট’ ও ‘বাম গণতান্ত্রিক বিকল্পধারা’ এমন দুটি নাম সামনে রেখে আলোচনা এগিয়ে নিচ্ছে দলগুলো। তবে বিষয়টি এখন চূড়ান্ত হয়নি। 

জোট গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে গণতান্ত্রিক বামজোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এ ছাড়া গণফোরাম, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপের সঙ্গেও আলোচনা হয়েছে। পাশাপাশি আদিবাসী সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে। সবাই নিজ নিজ জোট ও দলের মধ্যে আলোচনা এগিয়ে নিচ্ছে। 

বর্তমান বাস্তবতায় বামপন্থি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়ে সমাজচিন্তক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, যারা সামাজিক মালিকানায় বিশ্বাস করে, তাদের নিয়ে যুক্তফ্রন্ট গঠন করতে হবে। এই যুক্তফ্রন্ট ৫৪ সালের যুক্তফ্রন্টের মতো হযবরল যুক্তফ্রন্ট হবে না। এই যুক্তফ্রন্ট হবে বামপন্থিদের। এই যুক্তফ্রন্ট শক্তিশালী হবে।’

তিনি মনে করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই যুক্তফ্রন্টের ওপর। এদিকে বামপন্থিদের নতুন জোট গঠন প্রক্রিয়া নিয়ে বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা আছে, বাংলাদেশ জাসদের সঙ্গেও কথা হয়েছে। ঐক্য ন্যাপ ও গণফোরামের সঙ্গে কথা হচ্ছে। এর বাইরে মুক্তিযুদ্ধে চার মূলনীতির পক্ষে রয়েছে এবং যারা প্রচলিত রাজনীতির বিকল্প চায়, তাদের নিয়ে জোট গঠনের প্রক্রিয়ায় আছি।’

তিনি বলেন, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও এখানে যুক্ত করা হবে। তবে পুরো বিষয়টিই এখনও আলোচনা পর্যায়ে আছে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোট গঠনের এই প্রক্রিয়াতেও দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।

আগামী নির্বাচনে বিকল্প শক্তির সমাবেশ করেই বামজোট ভোটের মাঠে অবতীর্ণ হবে উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘প্রায় প্রতিদিনই নানা ফর্মে আমাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে। এটা কোনো ড্রইংরুমের মধ্যকার ঐক্য হবে না, এটা হবে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্য।’

এবার অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে ছোটখাটো সব দল বা জোটেরই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই নিজেদের মধ্যে অতিমাত্রায় বিরোধ, সাংগঠনিক দুর্বলতাসহ অন্যান্য কারণ ঘুচিয়ে বামপন্থি দলগুলো নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে। এ বিষয়ে গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘একটা বামঐক্য গড়ে তোলার ইচ্ছা রয়েছে। বর্তমানে বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি বন্দর রক্ষায় লংমার্চ কর্মসূচি বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে করা হয়েছে। আগামীতেও সরকার, প্রশাসন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার জন্য রাজপথে আন্দোলন করতে হলে তা জোটবদ্ধভাবে করা হবে। এরই ধারাবাহিকতায় যদি নির্বাচনে অংশ নিতে হয়, সেটাও আমরা জোটগতভাবে যেন নিতে পারি, সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’ 

একটি সূত্র জানায়, এই প্রক্রিয়ায় ড. কামাল হোসেনের দল গণফোরাম, গণতন্ত্রমঞ্চের শরিক দল নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গেও আলোচনা হয়েছে। যদিও গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন করেছে। তাই অনেকেই মনে করছেন, গণতন্ত্র মঞ্চের দলগুলো শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নিতে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা