চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৯:১২ পিএম
‘কিছু দুষ্ট লোক আছে যারা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করছে। তবে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে। চাঁদাবাজ, দখলবাজরা বিএনপির লোক না। তাদের ধরে আইনে আওতায় সোপর্দ করবেন।’ কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে তার নিজ এলাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের ভিসা দেয় না। যারা সীমান্তে অহরহ নিরীহ বাংলাদেশীদের গুলি করে হত্যা করছে। অথচ সে দেশে পালিয়ে গিয়ে আরামে রয়েছে এ দেশের ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাসহ তার নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। বিএনপি একটি ন্যায্যতার সরকার গঠন করবে। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে। শ্রমিক তার মজুরি পাবে। শহীদ জিয়া আমাদের মানবিক রাজনীতি শিখিয়েছেন। বেগম জিয়া, তারেক রহমান আমাদের সামনে ধৈর্য, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত। সুতরাং, আগামীর সরকার হবে মানবিকতার সরকার।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলু’র সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এলাকার কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন।