প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৮:২১ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৮:৩২ পিএম
রবিবার জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : প্রবা
প্রায় ১ ঘণ্টা ধরে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (১১ ডিসেম্বর) বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে এক ভদ্রলোক এসেছেন। তাকে নিয়ে জার্মান অ্য্যাম্বাসেডর আমাদের এখানে এসেছেন আলাপ করতে। আমাদের আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘তবে এ সমস্ত দ্বিপক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। এগুলো একান্ত বৈঠক, দ্বিপক্ষীয় বৈঠক। এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এটাই ভালো, এটাই প্র্যাকটিস আর কি। এতটুকুই বলি, এর বাইরে আর বলার সুযোগ নেই।’
নয়াপটনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘জয়-পরাজয় এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে, তখন মানুষের হাতেই থাকবে জয়-পরাজয়।’
আওয়ামী লীগের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘যারা বোঝে না, তাদের জন্য বলছি, কূটনীতিকদের দায়িত্ব হচ্ছে এদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতি প্রত্যেকটি বিষয়ে তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করা। এটা তাদের দায়িত্ব। এ দায়িত্ব পালন নতুন কিছু নয়। এটা পূর্ব থেকে হয়ে আসছে। আজকেও যা হয়েছে, এটা তার অর্থ হিসেবেই হয়েছে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।