কক্সবাজার অফিস
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৭:১৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫ ১৭:৪৭ পিএম
বিমানবন্দর থেকে বের হয়ে গাড়িতে উঠার সময় এনসিপি নেতারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাসহ ছয়জন হঠাৎ কক্সবাজার এসেছেন। তারা এখন মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীস্থ হোটেল সী পার্ল বীচ রিসোর্টে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও তার স্ত্রী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।
আজ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন। গত বছরের এই দিনে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন দেড় দশক দেশ শাসন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের ভাষায় আজ ঐতিহাসিক ৩৬ জুলাই। এমন বিশেষ দিনে এনসিপির নেতাদের হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে। বলা হচ্ছে, সেখানে আগে থেকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই এনসিপির নেতারা এসেছেন।
তবে বিষয়টি দায়িত্বশীল সূত্রে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
পিটার হাসের সঙ্গে বৈঠকের তথ্য সত্য নয় বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ বিষয়ে কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে এনসিপির নেতারা কক্সবাজার আসেন। বিমানবন্দরে নেমে তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান।
এনসিপির কয়েকজন নেতার কক্সবাজারে আসা সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।
তিনি জানিয়েছেন, বেলা ১২টার পর থেকে তারা সবাই ইনানীর হোটেল সী পার্লে অবস্থান করছেন। তিনি বলেন, যতটুকু জানা গেছে, বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। বৈঠকের বিষয়টিও সত্য নয়।
এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিন জানিয়েছেন, কক্সবাজারের সী-পার্লে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেলজুড়ে মাত্র তিনজন বিদেশি অর্থাৎ চায়না নাগরিক আছেন।
এদিকে সী-পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পরিচয় দেওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানের তিনটি রুমে এনসিপি নেতারা অবস্থান করছেন। যার একটিতে হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দীন পাটোয়ারী, একটিতে সারজিস আলম ও তার স্ত্রী, অপরটিতে তাসনিম জারা ও তার স্বামী অবস্থান করছেন।
প্রধান নিরাপত্তা কর্মকর্তার ভাষ্য, পিটার হাস বা এ নামে কেউ তাদের হোটেলে আসেননি।

এদিকে ইতিমধ্যে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তা এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকের খবরকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘মিডিয়াতে পিটার হাসের সঙ্গে আমাদের মিটিংয়ের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। তবে আমরা কক্সবাজারে আছি।’
তবে সী-পার্লে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেখানে হোটেলের বাইরে উখিয়া বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। তারা বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্ট বিদেশীদের সঙ্গে ‘গোপন বৈঠক রহস্যজনক’। বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিবস দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ নেতার কক্সবাজার আগমন এবং শহর থেকে ১৫-২০ কিলোমিটার দূরের পাঁচ তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিচ্ছে। বিশেষ করে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বাড়ছে।’
তবে পিটার হাসের উপস্থিতির বিষয় নিয়ে তিনি সন্দিহান। এ বিষয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন।
পিটার হাস বর্তমানে মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন।