জুলাই বিপ্লবের বর্ষপূর্তি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ০৮:৫৭ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ০৯:৫১ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন সমাবেশে। ছাত্রদের চট্টগ্রাম থেকে সমাবেশে আসার সুবিধার্থে সংগঠনের পক্ষ থেকে ভাড়া নেওয়া হয়েছে ২০ কোচের একটি বিশেষ ট্রেন। সমাবেশে ব্যানার-ফেস্টুন আনতে বারণ করাসহ দেওয়া হয়েছে ছয় দফা নির্দেশনা।
এদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ রাজধানীর শাহবাগ মোড়ের সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের জনদুর্ভোগের জন্য সংগঠনের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জনভোগান্তির বিষয়টি উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করা হয়। ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের কারণে যে জনভোগান্তি হবে, সেজন্য অগ্রিম দুঃখ প্রকাশ করে ছাত্রদল বলেছে, ‘একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ভবিষ্যতে এই বিষয়ে আমরা আরও অধিকতর সচেতন থাকব।’
ছাত্রদল সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এবারের ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদেরও এই সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে ঢাকায় ছাত্র সমাবেশে অংশগ্রহণ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে গত শুক্রবার ৬ দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর মধ্যে রয়েছেÑ সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ইউনিটকে থাকতে হবে। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত পরিবহনকে চলাচলে সার্বিক সহায়তা করতে হবে। ছাত্রদলের নেতাকর্মীকে বহনকারী কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না। সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত স্থান পরিষ্কার করে যেতে হবে।
প্রসঙ্গত, আজ শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছাত্রদল ও এনসিসি বিপুলসংখ্যক লোক সমাবেশে জড়ো করার লক্ষ্য নিয়ে কয়েকদিন ধরে কাজ করছে। অন্যদিকে একই দিনে এইচএসসির দুই বেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে যানজটে ঢাকায় ব্যাপক জনভোগান্তি হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রোববার শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে পৃথক সমাবেশ ও অনুষ্ঠান থাকায় সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন নগরবাসীকে ওইসব এলাকা যথাসম্ভব এড়িয়ে চলাচল করার অনুরোধ জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।
সমাবেশে যোগ দিতে ২০ কোচের ট্রেন ভাড়া
ঢাকায় নেতাকর্মীদের যাতায়াতের জন্য ট্রেন ভাড়া নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে ২০ বগির ট্রেনটিতে যাত্রী ধারণক্ষমতা এক হাজার ১২৬ জন। রেলওয়ের পূর্বাঞ্চল অফিস সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে ট্রেনটি রাত ১টায় চট্টগ্রামে ফিরবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, ‘ঢাকায় আমাদের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে আমরা রেলওয়ের কাছে একটি বিশেষ ট্রেনের আবেদন করি। রেল কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে। ট্রেন ভাড়ার আনুমানিক খরচ প্রায় ১০ লাখ টাকা, যা সংগঠনের সদস্য এবং সিনিয়রদের সহায়তায় সংগ্রহ করা হয়েছে।’