প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ২২:৩১ পিএম
রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের চিত্র। প্রবা ফটো
রাউজানে দুই পক্ষের মধ্যে বিকেলে সংঘর্ষের পর রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বিলুপ্ত এই কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খোন্দকার।
এদিকে আরেকটি চিঠিতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে।
এর আগে বিকেলের দিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় গোলাম আকবরের গাড়িসহ একাধিক গাড়ি ভাঙচুর ও বহরের তিনটি বাইক পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। ভাঙচুর হয়েছে পুলিশের একটি গাড়িও।এদিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দাবি, গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’