× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যারা এখনো ইভিএম বোঝে না, পিআর বুঝবে কী করে: মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ২০:০৩ পিএম

যারা এখনো ইভিএম বোঝে না, পিআর বুঝবে কী করে: মির্জা ফখরুল

রাষ্ট্র সংস্কারের ধারণা বিএনপিরই— এমনটি দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংস্কারকে আমরা ভয় পাই না, আমরা সংস্কারকে স্বাগত জানাই। সমস্যাটা ওই জায়গায় হয়, যখন দেখি যে, নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তার সঙ্গে আমাদের দেশ-জাতি পরিচিত নয়।’

একই সঙ্গে ‘বাইরে থেকে এসে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান করা যাবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই যে পিআর, বা আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন নিম্নকক্ষে…এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। মানুষ বলে পিআর কী জিনিস? যারা এখনো ইভিএমে ভোট দেওয়া বোঝে না...তারা পিআর বুঝবে কী করে?’

এই চিন্তাভাবনা থেকে দূরে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দুঃখজনক হলো যে, এটাকে আমাদের দেশের দুয়েকটা রাজনৈতিক দল প্রোমোট করে। প্রোমোট না পণ করে বসে আছে যে, এটা না হলে নির্বাচনে যাব না।’

অন্তবর্তী সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বে ব্যবস্থা করেন, জনগণের প্রতিনিধি থাকে সেই পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করেন তাহলেই সমস্যাগুলো সমাধান হবে, না হলে হবে না।’

বাইরে থেকে এসে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান করা যাবে না— এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন’, যোগ করেন মির্জা ফখরুল।

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ১২টি বিষয়ে একমত হওয়াকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘আজ খবরের কাগজে দেখলাম ১২টা মৌলিক বিষয় পরিবর্তনে সবগুলো দল এক হয়েছে। এটা একটা ইতিবাচক বিষয় এবং আমি ধন্যবাদ জানাই ড. আলী রীয়াজকে যে, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত এ জায়গায়টায় আসার চেষ্টা করেছেন।’

‘আমাদের অনেকে খোটা দিয়ে কথা বলে যে, আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরু আমাদের দিয়ে। ১৯৭৫ সালের আগে শেখ মুজিবুর রহমান যিনি ফ্যাসিজমের মূল হোতা তিনি গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন বাকশাল করে দিয়েছিলেন। সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,’ যোগ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা