প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২২:১৭ পিএম
সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি ‘বেদনায় নীল’ হয়ে গেছি। গণঅভ্যুত্থানের এক বছরেই এই অবস্থা! যে তরুণরা দেশ গঠন করবে, তারাই এখন চাঁদাবাজি করছে। আমরা কি এমন পরিণতি চেয়েছিলাম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এত তাড়াতাড়ি যদি এসব ঘটে, তবে ভবিষ্যৎ কী? হাসিনা পতনের পর এই তরুণদের দিকে তাকিয়ে আছে সবাই। কিন্তু দুঃখ হয়, জোরগলায় বলতে পারছি না যে, এদেশ নতুন করে গড়ে উঠবে। দেশে এমন অবস্থা তৈরি করা হচ্ছে, যাতে ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে। হাসিনার বিচারের তো কিছু দেখতে পেলাম না, এক বছর হয়ে গেল। যারা প্রকাশ্যে হত্যা করল, তাদের কেন গ্রেপ্তার করা হলো না?
সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়তে জানে। দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছে। তারেক রহমান চেষ্টা করছেন, কীভাবে বাংলাদেশকে আবার গড়ে তোলা যায়। কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেননি, শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল। সবার অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে চাইলে, রিকশাচালক, ভ্যানচালক, শ্রমিক, কৃষকদের মতামত নিতে হবে। তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে পুরো দেশ, তাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়তে হবে।
সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সবাইকে নিয়ে পত্রপত্রিকা ও টেলিভিশনে লেখালেখি হলেও মহীয়সী নারী দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে সেভাবে লেখালেখি হয় না। সাংবাদিক ভাইয়েরা ‘কালোকে কালো, সাদাকে সাদা’ বলতে শিখুন।
তিনি বলেন, ২৪ সালের জুলাই মাসে আমাদের দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও গ্রেপ্তার করা হয়েছে। ডিবি অফিসে নিয়ে জুলুম ও নির্যাতন করা হয়েছে। জুলাই আন্দোলনে যুবদলের শহীদ ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন। যার যা অবদান আছে, তা তাকে দিতে হবে।
বাংলাদেশকে আবার কীভাবে গড়ে তোলা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেষ্টা করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনুষ্ঠানে বক্তব্যে দেন।